বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’র অংশ হিসেবে ‘ডোন্ট লেট হার গো’ শিরোনামের একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি এ শর্টফিল্মের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকারিতা নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।
নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলতে গিয়ে তানু ওয়েডস মানু সিনেমা খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি অনেক অলস ছিলাম। এমনকি শাওয়ার নিতে চাইতাম না। এ নিয়ে আমার বাবা-মা ভীষণ রাগ করতেন। সত্য বলতে কী, সেই সময় আমার জীবনে ভালো কিছুই হয়নি। আমার কোনো বন্ধু ছিল না। এমনকি আমি কোনো কাজের সুযোগও পেতাম না।’
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী আরো বলেন, ‘পরবর্তীতে আমি জানতে পারি, পৃথিবীতে তিন ধরনের শক্তি রয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পরিষ্কার-পরিচ্ছন্নতা। আমি চিন্তা করলাম সাফল্যের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। আর সেটা সুন্দর ও সুস্থ পরিবেশ। আমি নিজের চারপাশ বদলাতে শুরু করি। তবে শুধু বাইরে নয় নিজের ভেতরটাও পরিষ্কার রাখা উচিত। আমি বিভিন্ন বই পড়তাম। আমি এখন আগের থেকে ভালো আছি। সফলতাও পেয়েছি।’
‘ডোন্ট লেট হার গো’ শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। এতে কঙ্গণা রাণৌত ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইশা কোপিকার এবং ওমকার কাপুর। এখানে কঙ্গনাকে দেবী চরিত্রে দেখা যাবে।

