স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে কখনো সোনা জিততে না-পারার আক্ষেপ ঘোচানোর পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল।
রিও অলিম্পিকে আজ সকালে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে সেলেসাওরা।
ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন নেইমার ও লুয়ান। ফাইনালে ওঠার লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে খেলবেন নেইমার, লুয়ান, গ্যাব্রিয়েলরা।
সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনার বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের দ্বাদশ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার।
২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলটি করেন বার্সেলোনা ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে করিন্থিয়ান্স অ্যারেনার ৪১ হাজার দর্শক। আসরে এটাই নেইমারের প্রথম গোল।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর শুরুতেই লিড দ্বিগুণ হতে পারতো স্বাগতিকদের। কিন্তু রদ্রিগো কায়োর হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক বোনিলা।
এরপর ৮৩ মিনিটে লুয়ানের গোলে ব্যবধান ঠিকই দ্বিগুণ করে ফেলে ব্রাজিল। এই গোলটিও ছিল চমৎকার। কলম্বিয়ান গোলরক্ষক পোস্ট ছেড়ে খানিকটা ওপরে উঠে এসেছিলেন। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ২৩ বছর বয়সি ফরোয়ার্ড লুয়ান।
শেষ আটের অন্য ম্যাচগুলোতে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে হন্ডুরাস, পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে জার্মানি ও ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে নাইজেরিয়া সেমিফাইনালে উঠেছে। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-হন্ডুরাস। একই দিন সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-নাইজেরিয়া।

