স্পোর্টস ডেস্ক : ভুবনেশ্বর কুমারের দারুণ বোলিংয়ে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৮ রানের লিড নেয় ভারত। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৭। সব মিলিয়ে ভারত এগিয়ে আছে ২৮৫ রানে।
ব্রেথওয়েট ৫৩ ও ব্রাভো ১৮ রানে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু করেন। বেশিদূর এগুতে পারেনি তাদের ইনিংস। ব্রেথওয়েট ৬৪ রান করে অশ্বিনের বলে এবং ব্রাভো ২৯ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন।
দলীয় ২০২ রানে ব্লাকউডকে (২০) আউট করে ক্যারিবিয় শিবিরে প্রথম আঘাত করেন ভুবনেশ্বর কুমার। এরপর আরও ৪ উইকেট তুলে নেন ডানহাতি এ পেসার। তার গতির ঝড়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানদের মিডল ও লেট অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন মারলন স্যামসুয়েলস।
৩৩ রানে ৫ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ক্যারিয়ারের তৃতীয়বারের মত ৫ উইকেট পেয়েছেন এ পেসার। প্রতিবারই সাফল্য পেয়েছেন বিদেশের মাটিতে। এছাড়া অশ্বিন ২টি এবং ইশান্ত শর্মা ও জাদেজা ১টি করে উইকেট নেন।
এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতে ৪৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শেখর ধাওয়ান। রাহুল ২৮ রানে কামিন্সের বলে ফিরে যাবার পর বিরাট কোহলি ব্যাটিং আসেন। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও রান পাননি ভারতের অধিনায়ক। কামিন্সের বলে এলবিডাব্লিউ’র শিকার হন বিরাট (৪)। ধাওয়ান ২৬ রান করে দ্রুত সাজঘরের পথ ধরেন। এরপর চতুর্থ উইকেটে ৮৫ রান যোগ করেন অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। রাহানে ৫১ ও শর্মা ৪১ রানে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

