স্পোর্টস ডেস্ক : সেই ১৯৫৬ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে ফিজি। কিন্তু ২০১২ লন্ডন অলিম্পিক পর্যন্ত ১৫ আসরের ১৩টিতে অংশ নিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। এত দিন সোনা তো দূরে থাক, কোনো পদকই জিততে পারেনি তারা।
অবশেষে তাদের দীর্ঘ সেই অপেক্ষার অবসন ঘটল। রিওতে রাগবি সেভেনে সোনা জিতেই নিজেদের অলিম্পিক ইতিহাসে প্রথম পদক অর্জন করল ওশেনিয়া অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
অবশ্য ফিজি এর আগে যতবার অলিম্পিকে অংশগ্রহণ করেছে, তার একবারও রাগবি সেভেন নামে কোনো ইভেন্ট ছিল না। ১৯২৪ সালের পর এই প্রথম অলিম্পিকে রাগবি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটিই জিতে ইতিহাস গড়ল ফিজির রাগবি সেভেন দল।
১৫ দলের এই ইভেন্টে দাপট দেখিয়েই ফাইনালে ওঠে ফিজি। কোয়ার্টার ও সেমিফাইনালে তারা যথাক্রমে নিউজিল্যান্ড ও জাপানকে হারায়। গেমসের ষষ্ঠ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকালে ফাইনালে ফিজির প্রতিপক্ষ ছিল ব্রিটেন। তাদেরকে একরকম উড়িয়ে দিয়েই সোনা জিতেছে তারা।
প্রথমার্ধের খেলা শেষে ফিজি এগিয়ে ছিল ২৯-০ ব্যবধানে! শেষ পর্যন্ত তারা জিতেছে ৪৩-৭ ব্যবধানে। গ্যালারিতে বসে সাদা জার্সি পরে খেলা দেখেছেন আর দলকে উৎসাহ দিয়ে গেছেন স্বয়ং ফিজির প্রধানমন্ত্রী।

