বিনোদন ডেস্ক : গুণী পরিচালক ছটকু আহমেদ। দীর্ঘ বিরতির পর গত বছর নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েও বিভিন্ন কারণে শুটিং শুরু করতে পারিনি তিনি।
আগামী ১৯ আগস্ট থেকে গাজীপুরে ‘দলিল’ শিরোনামের সিনেমার শুটিং শুরু হবে। এরপর বরিশাল, মানিকগঞ্জ ও পুবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
গত বছরের শেষের দিকে এ সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক কাজী মারুফ ও চিত্রনায়িকা মৌমিতা মৌ। এ ছাড়াও এতে চুক্তিবদ্ধ হয়েছেন তানিয়া বৃষ্টি ও শিপন মিত্র। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর।
এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছটকু আহমেদ স্যারের সিনেমায় কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। আশা করছি, এ সিনেমাটি আমার জন্য সুফলতা বয়ে আনবে।’
মারুফ-মৌমিতা জুটির মাস্তানী শিরোনামের সিনেমাটি আগামী ১২ আগস্ট সারাদেশে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স। এ ছাড়া মারুফ অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, সায়মন তারিক পরিচালিত মাটির পরী, শামীমুল ইসলাম শামীমের একমুঠো স্বপ্ন সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অন্তর জ্বালা, ফ্রেন্ডস ফর এভারসহ কয়েকটি সিনেমা।

