ঢাকাTuesday , 9 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে পদকে আনন্দে আত্মহারা ফিলিপাইন প্রেসিডেন্ট

Link Copied!

Hidilynস্পোর্টস ডেস্ক : ১৯২৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিয়ে আসছে ফিলিপাইন। কিন্তু কখনো সোনা জেতা হয়নি তাদের। এমনকি সর্বশেষ কোনো পদক জিতেছিল ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে। এর পরের চারটি অলিম্পিকে অংশ নিয়ে শূন্য হাতেই দেশে ফিরেছিল ফিলিপাইনের অ্যাথলেটরা। যে কারণে এবারের রিও অলিম্পিকেও আনুষ্ঠানিকতার অংশগ্রহণ ছাড়া কোনো প্রত্যাশা ছিল না দেশটির অ্যাথলেটদের কাছে।
কিন্তু গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে পদক জিতে ফিলিপিনোদের আনন্দের সাগরে ভাসিয়েছেন হিদিলিন দিয়াজ। স্থানীয় সময় সোমবার মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন ২৫ বছর বয়সি এই ভারোত্তোলক। তার এই পদক জয়ে আনন্দে আত্মহারা স্বয়ং ফিলিপাইনের প্রেসিডেন্টও!
দিয়াজের পদক জয়ের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি আনন্দে আত্মহারা।’ দিয়াজকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘দিয়াজ আমাদের দেশকে যে সম্মান দিয়েছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি আমি। আমি প্রার্থনা করি জীবনের প্রতিটা পদক্ষেপে সফল হন আপনি।’
দিয়াজই ফিলিপাইনের প্রথম কোনো নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে পদক জিতলেন। ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে দেশটির হয়ে সর্বশেষ কোনো পদক জিতেছিলেন বক্সার মানসুয়েতো ভেলাসকো। সেবার তিনিও দিয়াজের মতো রৌপ্য জিতেছিলেন।