জামালপুর প্রতিনিধি : বানিয়াবাড়ী, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বন্যা কবলিত একটি গ্রাম। প্রতি বছরের মতো এ বছরও আঘাত হেনেছে বন্যা। গত সপ্তাহ পর্যন্ত রেললাইন ও সড়কপথ পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখানকার স্কুল-কলেজে বন্যার পানি উঠায় বন্ধ কওে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা গেলো শিক্ষা প্রতিষ্ঠিান বন্ধ। এলাকার গরীব মানুষজন এক মুঠো খাবারের প্রত্যশায় বসে আছে।
বন্যার্তদের জন্য কিছু একটা করতে হবে ঠিক এই চিন্তা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ শিরোনামে উদ্যোগ গ্রহণ করে। তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টরিয়াল সদস্যরাও যোগ দেন। তাদের মহৎ চিন্তা ভাবনায় এবং সাধারণ সভা শেষে গরীর বন্যার্তদের জন্য চাল, ডাল ও খাবার স্যালাইনের সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়। এগিয়ে আসেন আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরাও, বন্যার্তদের পরিবারের জন্য পোশাক দেয়ার ব্যবস্থা নেন।
শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টরিয়াল সদস্য ও ছাত্রলীগের নেতৃবৃন্দের নেতৃত্বে ত্রান নিয়ে রওনা দেয় ইসলামপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখা যায় বন্যার পানিতে ভেসে গেছে জনপথ। কোনো কোনো জায়গায় পানি কমতে থাকলেও রেখে গেছে তার চিহ্ন।
ইসলামপুর থেকে তিন কিলোমিটার দূরে বানিয়াবাড়ী গ্রাম। সেখানে স্থানীয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করেন। হিসেব করে দেখা যায় প্রায় দু’শ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। বিকেলের দিকে একে একে সবার জন্য বরাদ্দকৃত চাল, ডাল, খাবার স্যালাইন ও পোশাক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ত্রান বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা।
বন্যায় কবলিত বৃদ্ধা রহিমা বেগম বলেন, ‘আমাগো ঘরে বন্যার জল উঠছে। আমাগো সাহায্য করার জন্য আপনেরা আইছেন আমরা খুব খুশি হইছি। আল্লাহ আপনাগো ভালা করুক।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ বলেন, ‘প্রায় ১১ মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো নেতৃত্ব নেই। তারপরও সারাদেশের বন্যা পরিস্থিতিতে সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সামান্য পরিসরে আমাদের এ উদ্যোগ। আশা করি একদিনের জন্য তাদের মুখে খাবার দিয়ে তাদের মুখের সামান্য হাসি ফিরিয়ে এনেছি।’
বাকৃবি ছাত্রলীগের উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. জাকির হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আল মামুন, সহকারী অধ্যাপক ড. শকুর আহম্মদ, ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রমুখ।

