আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড বর্ষায় নাকাল ভারতের বিভিন্ন শহর। কয়েকদিন আগেই বেঙ্গালুরু এবং গুরগাঁওয়ে বর্ষার জেরে নাকাল হয়েছিলেন শহরবাসী। টানা বর্ষণে রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছিল। বেঙ্গালুরুতে রাস্তায় নেমেছিল নৌকাও।
এদিকে, পশ্চিমবঙ্গের আবার অন্য রূপ। বর্ষণের রূপ কমই আছে এ রাজ্যে। অবশ্য নিম্নচাপ কাটেনি, তাই বৃষ্টি একে বারে থেমে গেছে বলা যাবে না।
কিন্তু এবার বর্ষার জেরে অচল হল মুম্বাই। একটানা বৃষ্টির জেরে রেললাইন, রাস্তাঘাট চলে গিয়েছে জলের নিচে। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় ব্যাপক ট্রাফিক জ্যামে নাজেহাল হচ্ছেন শহরবাসী। পাশপাশি, অতিরিক্ত বৃষ্টির ফলে মুম্বাইয়ে রেল চলাচলও বিঘ্নিত।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মুম্বাইয়ে। ফলে, যাত্রীপরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে। অতিরিক্ত মেঘ এবং বৃষ্টির জন্য ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে বিমান ওঠানামা করছে বলে জানা গিয়েছে।
প্রশাসনের তরফ থেকে মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলাকারী দলগুলোকেও এই পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

