কক্সবাজার প্রতিনিধি : জঙ্গিদের কোনো রাষ্ট্র বা সীমানা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ বেহেশত নয় বরং জাহান্নামে যাওয়ার পথ। আমরা প্রতিক্ষাবদ্ধ, আমাদের দেশে কোনো জঙ্গিবাদের আস্তানা করতে দেব না। বিচ্ছিন্নতাবাদীদের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেব না।’
শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
আমাদের দেশে কোনো আইএস নেই এবং স্বাধীনতা বিরোধীতাকারীরাই ভিন্নরূপে এ নাম ব্যবহার করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় এ দেশে একটি বিরোধীতাকারী চক্র গুপ্ত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন চালিয়েছে। পাঁচাত্তরের পর একই চক্রটি হাতের রগ, পায়ের রগ কেটে আত্মপ্রকাশ করে। তারপর দেখা গেল ৬৩ জেলায় একসঙ্গে বোমা মারলো, বিচারককে হত্যা করল। তারপর জেএমবি, হুজি অনেক নাম ধারণ করে এরা নানাভাবে আত্মপ্রকাশ করেছে। এরা সবাই এক। এখন নানাভাবে তারাই নিজকে আইএস দাবি করতে শুরু করেছে।’
মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে ইতোমধ্যে সারাদেশের মানুষ কাজ করছে। মুসলিমদের কাপালে কালিমা লেপনকারী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে। এসব থেকে এদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পাওয়া যায়।
দেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ্য করে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে জঙ্গিবাদের কারণে যাদের ধরা হয়েছে তারা সকলেই এদেশের নাগরিক। দেশের বাইর থেকে কেউ আসেনি। যদিও বিভিন্ন সময় বিদেশিরা এদেশে আইএস আছে বলে দাবি করে আসছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই।’
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, হাজি ইলিয়াছ বক্তব্য রাখেন। এতে বিজিবির মহাপরিচালক, আইন প্রয়োগকারি সংস্থা ও সরকারি শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাসপোর্ট কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী বান্দরবানের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

