নিজস্ব প্রতিবেদক : প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের মেধাবী সন্তানদের জন্য এককালীন শিক্ষা সহায়তা দিতে যাচ্ছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এটি বাস্তবায়ন করবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
আগামী সেপ্টেম্বর মাসে প্রথম পর্যায়ে হস্তান্তর করা হবে এই শিক্ষা সহায়তার প্রথম কিস্তির টাকা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি কোম্পানির ১ কোটি ২ লাখ ৬১ হাজার ৭২৫ টাকার চেক হস্তান্তর কালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এসব তথ্য জানান।
কোম্পানির পক্ষে প্রতিমন্ত্রীর হাতে চেক তুলে দেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা নিরাজ আখোরি। এ সময় কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদ খান ও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার, যুগ্ম সচিব আকম কাসেম মাসুদ প্রমুখ ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষা সহায়তার অনুকূলে ২০১৫ ও ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় যেসব শ্রমিকের সন্তানেরা গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে তাদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। আগামী ৩০ আগস্টের মধ্যে সরকারের নির্ধারিত ফরমে তাদের আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়া যেসব শ্রমিকদের সন্তানেরা সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের এককালীন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা দেওয়া হবে।
তিনি জানান, শিক্ষা সহায়তায় সাংবাদিক শ্রমিক, রিকশা চালকসহ যেকোনো প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের সন্তানেরা আবেদন করতে পারবেন।
এ পর্যন্ত সরকারের এই কল্যাণ তহবিলে ১৭১ কোটি টাকা জমা পড়েছে। ৭৫টি কোম্পানি এতে অংশ নিয়েছে। বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যাংকগুলো যাতে কল্যাণ তহবিলে টাকা জমা দেয় সেজন্য তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।

