বিনোদন ডেস্ক : নকুল কুমার বিশ্বাসের পরিচয় অনেক। গায়ক, সুরকার। তাঁর গানগুলো মানুষকে বিমল আনন্দ দেয়। আবার কোন গান শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যায় দু:খের সাগরে। সঙ্গে হরেক রকমের বাদ্যযন্ত্র বাদনে আছে দারুণ দক্ষতা। এতো পরিচয়ের বাইরে তার আরও একটি পরিচয় আছে। তিনি লেখক। গানে ব্যস্ত সময় পার করলেও লেখালেখিটাকে ভুলে থাকতে পারেননি। হাজারো ব্যস্ততার ফাঁকে এখনো নিয়মিতই রুটিন করে লিখেন। এরই মধ্যে দুইটি বই লিখে ফেলেছেন।
তারই একটি ‘অন্তমিলের অন্বেষণে’। বইটি সমন্ধে তিনি জানালেন, আমাদের গীতিকাররা অন্তমিল খুঁজতে গিয়ে গলদঘর্ম হয়ে উঠেন। মূলত তাদের জন্যেই বইটি করছি। এতে গীতাঞ্জলি, সঞ্চয়িতা থেকে শুরু করে আমার সব গানের অন্তমিল আছে। এটা পরলে গীতিকারদের গান লেখাটা অনেক সহজ হয়ে যাবে।’
এছাড়া ‘ছোট নকুলের বড় বড় ব্যবসা’ নামে আরও একটি বইয়ের লেখার কাজ শেষ করেছেন। জানালেন, ছোটবেলায় আমি ছোট ছোট কিছু ব্যবসা করেছিলাম। সেই ব্যবসাগুলো থেকে কিভাবে আমার লাভ হতো সেগুলোই তুলে ধরেছি অনেকটা মজা করে।’
আসছে আগস্টেই একাত্তর প্রকাশনী থেকে বই দুটো প্রকাশ হবে। লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ২০০৬ সালে। সে বছর ‘নকুল বিশ্বাস ও তার গান’ নামে প্রথম বইটি বের হয়। গত বইমেলায় বের হয় ‘নি:স্বজনের বিশ্ব ভ্রমন’ নামে আরেকটি ভ্রমন বিষয়ক বই।
লেখালেখির পাশাপাশি শিগগিরই নতুন গান নিয়ে আসবেন তিনি। চলছে নতুন গানের প্রস্তুতি। ফাঁকে বৈশাখি টিভির ‘আলাপ’ নামে একটি অনুষ্ঠানে আড্ডা দেবেন তিনি।
উল্লেখ্য, গত ঈদে ‘বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান’ শিরোনামে কোরান শরীফের উপর একটি অ্যালবাম প্রকাশ হয়।

