স্পোর্টস ডেস্ক : নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন পেসার সোহাইল খান। তার ৫ উইকেট নেওয়ার দিনে এজবাস্টন টেস্টের প্রথম দিনে ২৯৭ রানেই শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। পাঁচ বছর পর সোহাইল আরেক পেসার ওয়াহাব রিয়াজের স্থলাভিষিক্ত হন। আর ফিরেই নিজের যোগ্যতা ভালোভাবে প্রমাণ করলেন। এদিন ইংল্যান্ড সাকুল্যে ব্যাট করেছে ৮৬ ওভার। দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংস শুরু করবে পাকিস্তান।
টস জিতে ফিল্ডিং বেছে নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক। পাক অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন সোহাইল ও মোহাম্মদ আমির। এই দুজনের বোলিং তোপের মধ্যে ইংল্যান্ডের ইনিংসকে ভদ্রস্থ রুপ দেওয়ার চেষ্টা করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স। তিনি ১৫০ বলে ১১ চারের সাহায্যে খেলেছেন ৭০ রানের ইনিংস।
লোয়ার মিডল অর্ডারে মঈন আলী ৬৩ রানের ইনিংস না খেললে ইংল্যান্ডের ইনিংস ২৯৭ রান অবধি পৌঁছাতো না। তার ইনিংসটি ছিল ১১৮ বলে সাত চারে সাজানো। এ ছাড়া ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ৫২ বলে ৪৫, জেমস ভিন্স ৬৫ বলে ৩৯ রান করেন।
এজবাস্টনে প্রত্যাবর্তনকে রাঙিয়ে ৯৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন সোহাইল। এই মাঠে পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছিলেন কিংবদন্তী ইমরান খান। তিনি ১৯৮২ সালের ২৯ জুলাই ৫২ রানে ৭ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় সেরা বোলিংও (১২৯/৬) পাকিস্তানের বিশ্বকাপ বিজয়ী অধিনায়কের। এই কীর্তি ইমরান গড়েছিলেন ১৯৮৭ সালের ২৩ জুলাই। সোহাইলের দিনে আমির ৫৩ ও রাহাত আলী ৮৩ রানে পেয়েছেন ২টি করে উইকেট।

