বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফ্যাশন ম্যাগাজিনগুলোর একটি ‘ভোগ’। বিশ্বের আঠারোটি দেশ থেকে প্রকাশ হয়। ম্যাগাজিনটির ইন্ডিয়া সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নেয়ার জন্য মুখিয়ে থাকেন ক্যাটরিনা, প্রিয়াংকা, ঐশ্বরিয়ার মতো সেলেবরা। ভারতীয় উপমহাদেশের অনেক অভিনয়শিল্পীদের স্বপ্নই থাকে ম্যাগাজিনে প্রচ্ছদ কন্যা হওয়ার। বহুল পঠিত এই ম্যাগাজিনে এবার প্রচ্ছদ কন্যা হিসেবে জায়গা করে নিলেন মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।
ভোগের প্রচ্ছদ কন্যা হওয়া প্রথম বাংলাদেশি নারী তিনিই। ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিতে সম্প্রতি ভারতে গিয়েছিলেন তিনি। ২৯ জুলােই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ফটোসেশনে অংশ নেন। তার ছবি তুলেছেন ভোগের নামকরা ফটোগ্রাফার ভারত শিখা। যার ক্যামেরার সামনে দিপীকা থেকে শিল্পা শেঠি অনেকেই দাড়িয়েছেন। আসছে অক্টোবর সংখ্যায় এবার আর দীপিকা, শিল্পা নয়; থাকছেন পাশের বাড়ির পিয়া। মুলত ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে বেরুবে বিশেষ সংখ্যাটি। ফটোশুটের দায়িত্বে ছিলেন ভোগের ফ্যাশন এডিটর এনাইটা এ্যাদাজানিয়া। পিয়ার হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন প্যারিসের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সাইরিলে।
পিয়া জানালেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কোন নারী ভোগের কভারে থাকছে। এটা ভাবতেই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার নিজের অ্যাপ্লাই করা লাগেনি। ওরাই আমাকে ডেকেছে।’
তিনি আরও জানালেন, ‘আমি তো এখন অভিনয়ে খুব একটা সময় দিতে পারছি না। সবসময়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার ফ্যামিলি আছে। কাজ আছে। আবার বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছি। এতো কিছু্র পরই ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কাজের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।’
উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব বিজয়ী পিয়া মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। র্যাম্পে নিজের অবস্থানটা বেশ পোক্ত করেন। পরবর্তীতে ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এছাড়া তার অভিনীত ‘স্টোরি অব সামারা’ সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে অভিনয়ের ফাঁকে পড়াশোনায় মনোযোগী হয়েছেন। ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল’ পড়তে অফার লেটার পেয়েছেন। দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।

