নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকসহ সরকারের সকল স্তরে জবাবদিহিতার জায়গা তৈরি হচ্ছে। সুশাসন নিশ্চিত করতে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এখনই দুর্নীতির লাগাম টানতে হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, একদিন না একদিন ঠিকই আসবে যেদিন সত্য বের হবে। দিনশেষে দুর্নীর্তিবাজরা শাস্তি পাবে। বর্তমানে দুদকসহ সরকারের সকল স্তরে জবাবদিহিতার জায়গা তৈরি হচ্ছে। কারণ সুশাসন নিশ্চিত করতে এখনই দুর্নীতির লাগাম টানা দরকার।
বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে সেখান থেকে কিভাবে লাগাম টেনে ধরবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট পাওয়া যাচ্ছে ঠিকই। কিন্তু এই সার্টিফিকেট দিয়ে কিছু তো হয় না। আর তাই দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে শিক্ষা ব্যবস্থায়। সবাই অবকাঠামো নিয়ে কথা বললেও ক্লাসরুমের ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে কেউ বলে না। আমাদের বাচ্চারা নৈতিক শিক্ষা কতটুকু পাচ্ছে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা এখন পুলকিত হই, কিন্তু মানুষকে আলোকিত করে না।
ইকবাল মাহমুদ বলেন, আজ সরকারি প্রতিষ্ঠানে আইন মানা হচ্ছে না। যেমন দুদকে একটি অভিযোগের অনুসন্ধান ৩০ দিনের বেশি চলার কথা নয়। কিন্তু এখানে অনেক অনুসন্ধানই বছরের পর বছর চলছে। আমরা চাই সরকারিসহ সকল অফিসে এরূপ প্রক্রিয়াগত জটিলতা কমাতে।
সভায় আরো বক্তব্য রাখেন দুদকের প্রাক্তন চেয়ারম্যান গোলাম রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. তোফায়েল আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। এ ছাড়া সভায় দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ ও দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

