আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ‘শয়তান’ বলে সম্বোধন করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে তিনি এ ভাষায় হিলারিকে আক্রমণ করেন বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে। এক মুসলিম সেনা সম্পর্কে করা মন্তব্য নিয়ে বিতর্ক শেষ না হতেই হিলারিকে আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন ট্রাম্প।
ডেমোক্রেটিক দলের বাছাইপর্বে হিলারির প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকেও আক্রমণ করেছেন ট্রাম্প। হিলারির কাছে স্যান্ডার্স আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেন তিনি।
বহুল আলোচিত-সমালোচিত এই ক্যাসিনো ব্যবসায়ী স্যান্ডার্সকে উদ্দেশ করে বলেন, তিনি (স্যান্ডার্স) শয়তানের (হিলারি) সঙ্গে একটি সমঝোতা করেছেন। তিনি (হিলারি) শয়তান।
গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে পাকিস্তানি বংশোদ্ভূত খিজির খান তার নিহত ছেলে মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের আত্মত্যাগের ওপর বক্তব্য রাখেন। সেখানে তিনি মুসলিম বিরোধিতার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ওই বক্তব্যের জের ধরেই খিজির খান ও তাঁর স্ত্রী গাজালা খানের সমালোচনায় ফেটে টড়েন ট্রাম্প। ফলে ডেমোক্রেটিক ও রিপাবলিকান এই দু দলের নেতাদের কাছেই সমালোচিত হয়েছেন এই ধনকুবের। এবার তিনি পড়েছেন হিলারিকে নিয়ে। তবে এখনও তার বক্তব্যের ওপর কোনো প্রতিক্রিয়া জানাননি হিলারি ও স্যান্ডার্স।
প্রসঙ্গত, খিজির-গাজালা দম্পতির ছেলে হুমায়ুন (২৭) ২০০৪ সালে ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন।

