নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
আইনটি সম্পর্কে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘আগের আইনে চেয়ারম্যান একক সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু প্রস্তাবিত আইনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সব সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আগের কমিশনের বৈঠকে চেয়ারম্যানসহ মোট ৩ জন সদস্য উপস্থিত হলে বৈঠকের কোরাম হতো। বর্তমানে প্রস্তাবিত আইনে চেয়ারম্যানসহ চার জনের উপস্থিতির কথা বলা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উক্ত ধারায় সংযোজন বিয়োজন হয়েছে। তবে নতুন কোনো ধারা সংযুক্ত করা হয়নি। আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। পরবর্তীতে আইনটি সংসদে পাশ করা হবে।’
এদিকে মিশন স্টেটমেন্ট উন্নয়ন বিষয়ে মন্ত্রিসভায় ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগের প্রস্তাবটি বড় ছিল। সেটি এখন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া ‘জাতীয় ই-সেবা আইন ২০১৫- এর খসড়ার বিষয়ে মন্ত্রিসভায় ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

