নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নামা ঢল ও বৃষ্টির পানিতে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার ৫৯টি উপজেলা এখন বন্যাকবলিত। এতে তিন লাখ ৯৩ হাজার পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনিবার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে দেশের বন্যা পরিস্থিতি ও তা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়।
মন্ত্রী বলেন, ‘বন্যাকবলিত এলাকায় সাধ্য মতো ত্রাণ সহায়তা দিচ্ছে সরকার। ১৬ জেলার লোকজনের জন্য এখন পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা ও সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। বন্যাকবলিত ব্যক্তিদের চিকিৎসার জন্য ওই সব স্থনে ৭০টি মেডিক্যাল টিম কাজ করছে।’
তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উজানের ঢল ও ভারি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার এমন দৃশ্য বাংলাদেশে নতুন নয়। প্রতি বছরই বহু মানুষ বন্যায় তাদের ঘর-বাড়ি হারায়।’
তিনি জানান, ‘বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তার জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদারকি দল গঠন করা হয়েছে। ওই সব এলাকার সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকার প্রশাসনের কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’
সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। এ ছাড়া দেশের বিত্তবানদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি।

