আন্তর্জাতিক ডেস্ক : পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো পাবলো কুজেনেস্কি। রাজধানী লিমায় একটি অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭৭ বছর বয়সী কুজেনেস্কি একজন সাবেক ব্যাংকার। কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের শীর্ষ পদে। মজার বিষয় হচ্ছে, তার মার্কিন নাগিরকত্ব ছিল। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হওয়ার জন্য গত নভেম্বরে তিনি সেই নাগরিকত্ব ত্যাগ করেন।
অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, আগামী ৫ বছরে তিনি পেরুকে আরো আধুনিক, আরো ন্যায় ও সাম্যের পথে নিয়ে যেতে চান। গত মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল এই নেতা প্রতিদ্বন্দ্বী কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন।
পেরুতে অর্থনৈতিক বৈষম্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেও অনেক নাগরিক দারিদ্র্যের মাঝে বসবাস করছেন নুন্যতম মৌলিক অধিকার বঞ্চিত হয়ে। কুজেনেস্কি তাদের হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। এটাকে তিনি ‘সামাজিক বিপ্লব’ আখ্যা দিয়েছেন।

