আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন হিলারি ক্লিনটন। দেশটির ইতিহাসে তিনিই হলেন প্রধান কোনো রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী।
সোমবার (২৫ জুলাই) ফিলাডেলফিয়ায় শুরু হওয়া দলের জাতীয় সম্মেলনের তৃতীয় দিন বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটরকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়।
সম্মেলনের শুরুতে হিলারিকে প্রাক-প্রাইমারি ভোটে জেতাতে দলের শীর্ষ নেতাদের ই-মেইল তথ্য ফাঁস নিয়ে ব্যপক বিতর্ক জড়ান নেতারা। ওই বিতর্কের মুখে ডেমোক্রেট দলের চেয়ারওম্যান জাতীয় এ সম্মেলন শুরুর একদিন আগে পদত্যাগ করেন।
সম্মেলনে এ নিয়ে মতভেদ দেখা দিলেও প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্ণি স্যান্ডার্স তার বক্তব্যে ঐক্যের প্রতীক হিসেবে সাবেক ফাস্ট লেডিকে সমর্থন দিতে দলীয় প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
সংক্ষিপ্ত ওই বক্তব্যে স্যান্ডার্স আরো বলেন, ‘আপনারা যদি মনে করেন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে প্রেসিডেন্ট পদে রিপাবলিকার দলের প্রার্থী ট্রাম্পকে ভোট না দিয়ে হিলারিকে ভোট দিন। তার চিন্তা ও নেতৃত্বের জন্যই তিনি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য।’
সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফাস্ট লেডি মিশেল ওবামা। তিনিও হিলারিকে সমর্থন দেয়ার আহ্বান জানান।

