বিনোদন ডেস্ক : ভিতর কান্দে সখি আমার, মনমুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গানের জন্য এই সময়ে কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক হিসেবে বেশ জনপ্রিয় এফ এ সুমন। এবার নতুন একটি গান নিয়ে আবারও আসছেন তিনি।
‘কিভাবে আছিরে না মরে বাঁচিয়া/পাথরে বাইন্ধা প্রাণ নিলিনা রে খোঁজ’- এভাবেই গানের কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। গানটির শিরোনাম ‘নিলিনা রে খোঁজ’। এফ এ সুমনের কণ্ঠে গানটির সুর-সঙ্গীত করেছেন অণু মোস্তাফিজ।
নতুন এই গানটি নিয়ে দারুন আশাবাদী শিল্পী এফ এ সুমন। এ প্রসঙ্গে তিনি জানান, গানটির কথা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি যে ধাঁচের গান সাধারণত গাই আসলে এটা তেমন হওয়ায় আমি আরো বেশি আশাবাদী। এছাড়া এর সুর-সঙ্গীতও খুব চমৎকার হয়েছে। আমার আগের গানগুলোর মতোই আশা করছি শ্রোতা দর্শকরা এই গানটিও পছন্দ করবেন।
উল্লেখ্য, গেল ঈদে সঙ্গীত ক্যারিয়ারে এই প্রথম সবচেয়ে বেশি ১৫টির মতো গানে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন। এরমধ্যে মধ্যে ১২টি তিনি একক কণ্ঠে এবং ৩টি গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন। দ্বৈত গানগুলোতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন-ন্যান্সি, কণা ও মিনার কানিজ নদী।

