আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত আফ্রিকান ইউনিয়নের বাহিনীর উদ্দেশ্যে চালানো ২টি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আল-শাবাব জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
সোমালি কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা এই সংবাদ জানিয়েছে। প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয় মোগাদিশু এয়ারপোর্ট সংলগ্ন সেনাঘাঁটির মূল ফটকের সামনে। দ্বিতীয় বোমাটি নিকটবর্তী একটি সরকারি চেকপোস্টের সামনে।
স্থানীয় সরকারের একজন মুখপাত্র আবদিফাতাহ ওমর মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এদের মধ্যে ৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিরা বেসামরিক নাগরিক। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

