যশোর প্রতিনিধি : বেনাপোল কাস্টমস তল্লাশি কেন্দ্রে আবার ধরা পড়েছে প্রায় ৮৫ লাখ টাকা সমমানের বৈদেশিক মুদ্রা। ভারত থেকে আসা এক বাংলাদেশি যাত্রীর ব্যাগ তল্লাশি করে শুক্রবার দুপুরে বৈদেশিক মুদ্রাগুলো জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার ভারতে যাওয়ার সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটক করেন কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা।
ঢাকার কাপ্তানবাজার এলাকার পশ্চিম সূত্রাপুরের ওসমান গনির ছেলে মোকলেসুর রহমান (৩৭) ও খিলগাঁওয়ের ১৩/১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩৮) নামে দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ওই মুদ্রা জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা উম্মে সালমা ও সিপাহি শাহ মোহাম্মাদ দিলদার হোসেন জানান, কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ হোসাইন নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার রজব আলীর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিজে-০৬৮২৩৩২।
একপর্যায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তার ব্যাগের মধ্যে অন্য একটি ব্যাগ কেটে ৯৩ হাজার ৪৪৯ মার্কিন ডলার, তিন লাখ ৫৩ হাজার ৫০ ভারতীয় রুপি, চার হাজার ৯০০ কানাডিয়ান ডলার এবং মালয়েশিয়ার দুটি রিংগিত পাওয়া যায়। জব্দ করা বৈদেশিক মুদ্রা প্রায় ৮৫ লাখ বাংলাদেশি টাকার সমমূল্যের।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার মোস্তাফিজুর রহমান বিপুল ওই বৈদেশিক মুদ্রা আটকের খবরের সত্যতা নিশ্চিত করেন।

