স্পোর্টস ডেস্ক : আজ মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে মাঠে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। সাকিবের মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন ক্রিস গেইল।
তবে বেরসিক বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কোনো ফল আসেনি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে জ্যামাইকা তালাওয়াস ও বারবাডোজ ট্রাইডেন্টস। এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটিতে জয় পেয়েছে জ্যামাইকা। একটিতে হার ও ড্র করায় তাদের ভাণ্ডরে পুঁজি ৫ পয়েন্ট। তালিকায় অবস্থান দ্বিতীয়। ৫ ম্যাচ খেলা ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে গায়ানা আমাজন ওয়ারিয়ার্স।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বারবাডোজ ট্রাইডেন্টসের অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথমে ব্যাট করার জন্য তিনি আমন্ত্রণ জানান জ্যামাইকাকে। দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে গাড়িয়েছে মাত্র ১০ ওভার। ২ উইকেট হারিয়ে জ্যামাইকা সংগ্রহ করেছে ১১৬ রান।
যদিও এদিন জ্যামাইকার উদ্বোধনী ব্যাটসম্যান চাঁদউইক ওয়ালটনের শুরুটা ছিল কিছুটা ধীর গতির। ২১ বলে ২৫ রান করে শোয়েব মালিকের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তবে অপর ওপেনার ক্রিস গেইল ছিলেন খুনে মেজাজেই। মাত্র ২০ বল মোকাবিলা করে খেলেছেন অপরাজিত ৪৭ রানের ঝড়ো ইনিংস। তার ইংনিসটি ছিল ৫টি ছক্কা ও ২টি চারে সমৃদ্ধ।
কুমার সাঙ্গাকারাও ঝড় তোলার আভাস দিয়েছিলেন। তবে রামপালের শিকার হয়ে শ্রীলঙ্কার সাবেক তারকার দৌড় থামে ২৫ রানে। তার ১৪ বলের ইনিংসটি তিনটি চার ও একটি ছক্কায় সাজানো। জ্যামাইকার অপর অপরাজিত ব্যাটসম্যান রোভমান পাওয়েল। ৫ বলে একটি ছক্কায় করেছেন ৬ রান। মাইলফলকের ম্যাচে ব্যাট-বল ধরার সুযোগ হয়নি সাকিবের। বলার অপেক্ষা রাখে না যে বৃষ্টির কারণে এটা সম্ভব হয়নি।

