স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুতে ধুঁকতে থাকা পর্তুগাল শেষ পর্যন্ত স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে চোটের কারণে দ্রুত মাঠ থেকে উঠে যান দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জয়ের পর তিনি জানিয়েছেন যে ২০১৬ সালের ইউরোর দাবিদার ছিল পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরে সমালোচনার শিকার হয়েছিলেন। ক্লাবের হয়ে দুর্দান্ত খেললেও জাতীয় দলের জার্সি গায়ে জ্বলে উঠতে পারেননি। ইউরোর গ্রুপ পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি তার দল। এবার তার জবাব দিলেন।
রোববার রাতে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলার ১০৯ মিনিটে জয় সূচক গোল করেন পর্তুগালের এডার। তাতে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় দলটি। সেই সঙ্গে রোনালদোও আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন।
এই ম্যাচের প্রথমার্ধের আগেই চোট নিয়ে মাঠ থেকে উঠে যান রোনালদো। হাঁটুর ইনজুরির কারণে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।
চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদো বলেছেন, ‘অনেক বছর পর ত্যাগের পর পর্তুগাল এটার দাবিদার ছিল। আমি ক্লাবের হয়ে সব কিছু জিতেছিলাম। জাতীয় দলের হয়ে আমার কিছু জেতা উচিত ছিল।’
জয়ের গোপন রহস্য নিয়ে রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘আমি দীর্ঘ দিন ফুটবল খেলছি। আমার অনুভূতি আছে। আমি জানতাম তিনিই (এডার) দলের হয়ে গোল করতে যাচ্ছেন।’

