স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সি গায়ে চারটি ফাইনাল খেলেও শিরোপাহীন থাকা লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে সবাই আকুতি জানাচ্ছেন। মেসিকে ছাড়া ফুটবলের কথা ভাবতেই পারছেন না ব্রাজিলীয় তারকা নেইমার। তিনি বলেছেন, মেসি ছাড়া ফুটবল ফুটবলের মতো মনে হয় না।
গত মাসেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে দু’বার বিশ্বকাপ ও কোপার ফাইনাল খেলেও দেশকে ট্রফি দিতে পারেননি তিনি। মার্কিন মুলুকে চিলির কাছে পরপর দ্বিতীয়বারের জন্য কোপা খুইয়েছেন মেসি। ম্যাচের পরেই তাঁর অবসরের সিদ্ধান্তে আন্তর্জাতিক মিডিয়ায় ঝড় উঠে যায়। চোখের জলেই মাঠে ছেড়েছিলেন বার্সার রাজপুত্র।
মেসি আবারও জাতীয় দলে ফিরে আসুক। এমনটাই চাইছেন পেলে- ম্যারাডোনা থেকে আপামোর মেসির ভক্তরা। মেসির বার্সা দলের সতীর্থ ও তাঁর অন্যতম বড় ভক্ত নেইমারও মেসির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।
তিনি বললেন, ‘আমি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বলছি, মেসিকে ছাড়া ফুটবল, ফুটবলই নয়। তাকে ছাড়া এই খেলা ভাবাই যায় না। যে ফুটবল পছন্দ করে সে মেসিকে ভালো না বেসে থাকতে পারবে না। সে বার্সা ও আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়েছে।’=
গত সপ্তাহতেই আবার কর ফাঁকি দেওয়ার জন্য মেসি ও তাঁর বাবাকে ২২ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত।

