স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ারকে ধ্বংসের পথে ঠেলে দেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অঙ্গনে ফেরেন বাঁহাতি প্রতিভাবান এ ক্রিকেটার। তবে ক্যারিয়ারের অর্ধেকটা যেখানে শেষ করেছিলেন সেখানেই ফিরেছেন আমির, অবস্থান করছেন ইংল্যান্ডে।
আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরছেন ২৪ বছর বয়সি এ পেসার। তবে আমিরের ফিরে আসায় অনেকেই খুশি নন! ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার গ্রায়েম সোয়ান মনে করেন আমিরকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল। আমির লর্ডসে ফিরছেন- এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
গ্রায়েম সোয়ান ‘দ্য সান’ এ বিশেষ এক কলামে লিখেছেন, ‘আমির বৃহস্পতিবার লর্ডসের সবুজ এবং ঐশ্বর্যময় টার্ফে হাঁটবেন। তার উপস্থিতিতে আমি অসুস্থ হয়ে পড়ব। ২০১০ সালে ফিক্সিং কেলেঙ্কারির কারণে তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল।’
‘আপনি কতটা ভালো সেটা বিষয় না। আপনি যদি সামান্য ৩০ পিস সিলভারের জন্য আপনার আত্মাকে বিক্রি করে দেন, তাহলে আপনি আর ভালো থাকলেন না,’ যোগ করেন সোয়ান।
২০১০ সালে ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টে লর্ডসে ফিক্সিং করা ম্যাচে ৮৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির। ধারালো বোলিং করলেও ইচ্ছাকৃতভাবে ‘নো বল’ করেন পাকিস্তানের এ পেসার। ফিক্সিংয়ে তার সঙ্গে ছিলেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ।
নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দারুণ সময় কাটাচ্ছেন আমির। খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটে আবারও দাপট দেখিয়ে হারানো জায়গা ফিরে পেতে মরিয়া তিনি। এবার ইংল্যান্ডে ফিরে সেই কলঙ্কও মুছে দেওয়ার প্রত্যয় আমিরের।
ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ২৫৫ উইকেট নেওয়া সোয়ান ২০১৩ সালের ডিসেম্বরে অবসরে যান। আমিরকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানালেও সোয়ান চাইছেন ভুল পথে পা বাড়ানো আমির যেন দ্বিতীয়বার একই ভুল না করেন।

