বিনোদন ডেস্ক : বিশ্ব সিনেমা অঙ্গনে যে ক’জন প্রভাবশালী আর গুণী চলচ্চিত্র নির্মাতা আছেন তাদের মধ্যে সন্দেহাতীতভাবে প্রভাবশালী সিনেমা নির্মাতা ইরানের অন্যতম মেধাবী ও খ্যাতিমান পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। যাকে বিশ্ব সিনেমা অঙ্গনে ইরানি সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনে করা হয়।
বিশ্বসিনেমার এ উজ্জ্বল নক্ষত্র আর নেই। ক্যানসারের সঙ্গে নিভৃত লড়াই করে পাড়ি দিয়েছেন পরপারে। তার প্রয়াণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। বাংলাদেশী নির্মাতাদেরও আজ শোকে কাতর। প্রিয় এই নির্মাতার মৃত্যুতে ফেসবুকে জানিয়েছেন শোকবার্তা।
মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘শারীরিকভাবে আপনি হয়তো কোথাও আশ্রয় নিয়েছেন। প্রিয় গুরু, আপনাকে ঠিকই সময়ের ছায়া, কলকল বাতাস, একান্তে ও অন্তরের না-বলা শুন্যতায় খুঁজে নেবো।’ ‘জালালের গল্প’র পরিচালক আবু শাহেদ ইমন মৃত্যুর খবর শেয়ার দিয়ে লিখেছেন, ‘বিশ্ব আমাদের সময়ের সেরা একজন দার্শনিককে হারালো। শান্তিতে থাকুন স্যার’। তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘আব্বাস কিয়ারোস্তামি আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র নির্মাতা। তিনি সত্যিকারের কিংবদন্তি। আমরা আপনাকে মিস করবো স্যার।’ এছাড়া আরও শোক জানিয়েছেন ‘মেঘমল্লার’-এর পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, নির্মাতা শিবু কুমার শীলসহ আরও অনেকে।

