বিনোদন ডেস্ক : এক সময় দারুন প্রেমের সম্পর্ক ছিল শহীদ কাপুর ও কারনা কাপুরের মধ্য। জুটিবেঁধে একাধিক সিনেমাও করেছেন তারা। কিন্তু তাদের প্রেমের সম্পর্কের যবনিকাপাত ঘটলে দীর্ঘদিন একসঙ্গে ছবি করছেন না তারা। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন কারিনা কাপুর। বললেন শহীদের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে আপত্তি নেই তার!
ব্যক্তিগত সম্পর্ক ভাঙনের ফলে বহুদিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও কারিনা কাপুরকে। প্রায় নয় বছর আগে ২০০৭ সালে ‘জব উই মিট’ সিনেমায় দেখা গিয়েছিল তাদের। এরমধ্যে অনেককিছু বদলে গেছে। দুজনই নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করে সংসার জীবনও যাপন করছেন। আর ১৭ জুন মুক্তি পেল দীর্ঘদিন পর একসঙ্গে একই ছবিতে ফ্রেমবন্দি সাবেক এই প্রেমিক-প্রেমিকার! এই বিষয়টি ঘিরে তাই গণমাধ্যমে ঘুরেফিরেই আসছে, ভবিষ্যতে কী শহীদ-কারিনা আবারও জুটি বেঁধে সিনেমা করবেন কিনা!
এমন প্রশ্নই সম্প্রতি করা হয়েছিল কারিনা কাপুরের কাছে। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার প্রমোশনে কারিনা কাপুরকে শহীদের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে আপত্তি আছে কিনা কিংবা স্ক্রিনে ভবিষ্যতে অভিনয় করলে তারা স্বস্তিবোধ করবেন কিনা জানতে চাইলে কারিনা বলেন, অবশ্যই স্বস্তিবোধ করবো। আমি বুঝতে পারি না সবাই কেন এমন সন্দেহজনক ধারনা করেন!
বলিউড লাইফ.কমে প্রকাশিত সংবাদে এ বিষয়ে কারিনা আরো বলেন, শহীদের সঙ্গে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। ভালো চিত্রনাট্য পেলে ভবিষ্যতে তার সাথে সিনেমা করতে আমার কোনো সমস্যাই হবে না।
প্রসঙ্গত, ২০০৭ সালের পর শহীদ-কারিনার বিচ্ছেদ ঘটে। প্রেমের ভাঙনে পরবর্তীতে আর তাদের একসঙ্গে সিনেপর্দায়ও দেখা যায়নি। এরমধ্যে দু’জনই বিয়ে করে সংসারী হয়েছেন। সাইফ আলীকে বিয়ে করেন কারিনা কাপুর। আর গত বছর দিল্লীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করে সংসারী হন শহীদ কাপুর।

