স্পোর্টস ডেস্ক : রোববার রাতটা দারুণ কেটেছে বেলজিয়ামের। ইউরোর শেষ ষোলোর খেলায় হাঙ্গেরিকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ আটের খেলা নিশ্চিত করছে বিশ্বের এক নাম্বার দলটি। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম।
ফ্রান্সের তুলুজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বেলজিয়াম। মাত্র ১০ মিনিটেই টবি আলডারভাইরেল্ডের গোলে লিড নেয় তারা। বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে বল পেয়ে দুর্দান্ত এক হেডে হাঙ্গেরির জালে জড়ান টবি। প্রথমার্ধ এভাবে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
খেলার ৭৮ মিনিটে বেলজিয়ামের গোল ব্যবধান দ্বিগুণ করেন বাতসুই। বাঁ-দিক থেকে এডেন হাজার্ডের আড়াআড়ি পাস পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ঠিক পরের মিনিটেই হাঙ্গেরির জাল কাঁপান হাজার্ড (৩-০)। আর হাঙ্গেরির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কারাসকো (৪-০)।

