স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন অ্যালেক্স হেলস ও জেসন রয়। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৬ রানের রেকর্ড জুটি গড়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার। তাদের ব্যাটিং তাণ্ডবে লঙ্কানদের ১০ উইকেটে বিধ্বস্ত করেছে ইংলিশরা। আর তাতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগিতকরা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ রান তুলেছে সফরকারী শ্রীলঙ্কা। জবাবে ৩৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইয়ান মরগানের দল।
লক্ষ্য তাড়া করতে নেমে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জেসন রয়। এই জুটিতে স্বাগতিকদের স্কোরশিটে যোগ হয় ২৫৬ রান। যা বিশ্ব ক্রিকেটে রেকর্ড পার্টনারশিপও বটে। এর আগে ২০১৫ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এদিন অ্যালেক্স হেলস ১১০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় অনবদ্য ১৩৩ রানে অপরাজিত ছিলেন। অপর ওপেনার জেসন রায় খেলেছেন ১১২ রানের মূল্যবান ইনিংস। তার ইনিংসটি ছিল ৭টি চার ও চারটি ছক্কায় সমৃদ্ধ। আর শত চেষ্টা করেও কোনো উইকেটের দেখা পাননি লঙ্কান বোলাররা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না শ্রীলঙ্কার। ৭৭ রান দলের স্কোরশিটে যোগ হতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। একে একে সাজঘরে ফেরেন গুনাথিলাকা (২২), কুশাল মেন্ডিস (০) ও কুশাল পেরেরা (৩৭)। লঙ্কানদের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল পেয়েছেন ফিফটির দেখা। ব্যক্তিগত ৫২ রানের মাথায় রানআউটে কাটা পড়েন তিনি।
লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৪ রান করে আদিল রশিদের শিকারে পরিণত হন। দলের সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেছেন উপল থারাঙ্গা। তার ৪৯ বলের অপরাজিত ইনিংসটি ছিল পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো। ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সুরাজ রান্দিভ।
ইংলিশদের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশিদ। আর একটি উইকেট পকেটে পুরেছেন ডেভিড উইলি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

