স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ড সিরিজ ছাড়া এখনো অবধি জয় বঞ্চিত রয়েছে শ্রীলঙ্কা। টেন্টব্রিজে সুযোগ পেয়েও ইংলিশদের বাগে আনতে পারেনি অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। অবশ্য বলা ভালো ভাগ্য বিধাতা মুখ ফিরে চায়নি তাই জেতা হয়নি লঙ্কানদের। স্নায়ুক্ষয়ী ম্যাচে শেষ বলে ছয় মেরে লিয়াম প্ল্যানকেট হারা-ম্যাচ টাই করে দিয়ে যান।
ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানও স্বীকার করে নিয়েছেন, ভাগ্যর সহায়তা পেয়েছেন বলেই তারা ম্যাচটি টাই করতে পেরেছেন। কিন্তু সেটা তো আর রোজ রোজ হবার নয়। এজবাস্টনের বার্মিংহামে সেটাই বোঝা যাবে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
ম্যাচের আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের চোট লঙ্কা শিবিরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তবে তিনি সর্বোচ্চ চেষ্টাই করবেন মাঠে নামার জন্য। গত ম্যাচে সর্বোচ্চ ৭৩ রান এসেছিল ম্যাথিউজের ব্যাট থেকেই। এর পাশপাশি ২২ রানে তুলে নিয়েছিলেন ২ উইকেট। তাই ইংল্যান্ডকে হারাতে হলে ম্যাথিউজের উপস্থিতি লঙ্কান দলে খুবই দরকার।
ম্যাথিউজকে পাওয়া না গেলে বিপদেই পড়ে যাবে লঙ্কান দল। এরই মাঝে চোটের কারণে ছিটকে গেছেন দুশমন্ত চামিরা ও ধামিকা প্রসাদ। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছেন শামিন্দা ইরাঙ্গা। সেক্ষেত্রে দায়িত্বটা সামাল দিতে হবে নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল ও পারভেজ মাহরুফদের।
পেস বোলিংয়ের মতো ব্যাটিং বা স্পিন বিভাগে সমস্যা নেই লঙ্কানদের। ইদানিং ব্যাটকে খাপ খোলা তলোয়ার বানিয়ে ফেলেছেন সেকুগে প্রসন্ন। আইরিশদের উপর ঝড় বইয়ে দেওয়ার পর তিনি ইংলিশ বোলারদেরও বেধড়ক পিটিয়ে বাউন্ডারিতে আছড়ে ফেলেছেন।
টেস্টের চেয়ে ওয়ানডের ইংল্যান্ড দল অনেকটাই সাদামাটা। বিশেষ করে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের জায়গা কেউ নিতে পারছেন না। প্রথম ম্যাচে পেসাররা খুব একটা সুবিধা করতে পারেননি। তবে বলে ব্যাটে সমান পারফর্ম করে অলরাউন্ডার হওয়ার ইঙ্গিত দিয়েছেন পেসার ক্রিস ওকস। তার ৯৫ রানের রোমাঞ্চকর ইনিংস অনেকদিন মনে রাখবে ইংলিশরা।
এজবাস্টনের পিচ যে ব্যাটিংবান্ধব সেটা বলে দিচ্ছে এই ম্যাঠে শেষবার ইংল্যান্ডের স্কোর। ২০১৫ বিশ্বকাপের আগে এখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে ৪০৮ রান তুলেছিল ইংল্যান্ড। তাহলে কী আরেকটি রানবন্যার ম্যাচ হতে যাচ্ছে?
শ্রীলঙ্কা (সম্ভাব্য): কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চন্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপল থারাঙ্গা, সেকুগে প্রসন্ন, দাসুন শানাকা, পারভেজ মাহরুফ, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।
ইংল্যান্ড (সম্ভাব্য): জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জশ বাটলার, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, লিয়াম প্ল্যানকেট, আদিল রশিদ।

