স্পোর্টস ডেস্ক : রবি শাস্ত্রিকে পেছনে ফেলে ভারতের কোচ হলেন অনিল কুম্বলে। ৪৫ বছরের এই লেগ স্পিন কিংবদন্তি জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেই দায়িত্ব বুঝে নেবেন। কুম্বলেকে আপাতত এক বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। প্রধান কোচের দায়িত্ব পেয়ে কুম্বলে বললেন, ‘আবার ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে ফিরছি। এখন আমার সামনে অনেক বড় দায়িত্ব।’
ভারতের প্রধান কোচের পদে বসার জন্য কুম্বলের সঙ্গে তুমুল লড়াই হয়েছে শাস্ত্রির। তার সময় ভারত বেশ সাফল্য পেয়েছে। তাই অনেকে ধারণা করেছিলেন, হয়তো আবার ফিরিয়ে আনা হবে শাস্ত্রিকে। কিন্তু মাষ্টার ব্ল্যাষ্টার শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটের বিবর্তনের নায়ক সৌরভ গাঙ্গুলী ও ভেরি ভেরি স্পেশাল ভি ভি এস লক্ষণ শাস্ত্রীয় যুগ ফিরে আনলেন না। তারা বেছে নিলেন তাদেরই এক সময়কার সতীর্থ কুম্বলেকে।
কুম্বলে স্বশরীরে এসে শচীন-সৌরভ-লক্ষণদের সামনে সাক্ষাৎকারসহ নিজের প্রেজেন্টশন উপস্থাপন করেন। শাস্ত্রি না এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। হয়তো নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল তার। কিন্তু ফল হলো উল্টো।
ইতোমধ্যে বিসিসিআইও শচীন-সৌরভ-লক্ষণদের বাছাই করা কোচ কুম্বলেকে মেনে নিয়েছে। যদিও ধর্মশালায় ২৪ জুনের সভায় কোচের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু তার আগেই বিসিসিআই বিরাট কোহলিদের কোচ হিসেবে কুম্বলের নাম ঘোষণা করলো। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘স্বচ্ছ পথেই এই সিদ্ধান্ত হয়েছে।’
ভারতের কোচ হতে চেয়ে বিসিসিআই বরাবর ৫৭ জন আবেদন করেছিলেন। কুম্বলে টেস্ট খেলেছেন ১৩২টি। ওয়ানডে ২৭১টি এবং টি২০ ম্যাচ খেলেছেন ৫৪টি।

