স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ হারের ধকল কাটিয়ে শ্রীলংকা আত্মবিশ্বাস পেয়েছে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে। দুটি ম্যাচেই অ্যাঞ্জেলো ম্যাথিউজরা স্কোরবোর্ডে তুলেছিল তিনশ প্লাস রান। আর এটাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে লংকানদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।অাজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় টেন্টব্রিজে শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।
ওয়ানডে সিরিজ শুরুর আগেই শ্রীলংকা হারিয়েছে পেসার শামিন্দা ইরাঙ্গাকে। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে লংকান এই পেসার নির্বাসিত হয়েছেন। তার আগে টেস্ট সিরিজ চলার সময় চোটে পড়ে ছিটকে গেছেন দুশমন্ত চামারা ও ধামিকা প্রসাদ। শ্রীলংকার পেস আক্রমণ তাই অনেকটা খর্ব শক্তির।
তবে লংকান ব্যাটসম্যানরা আয়ারল্যান্ড সিরিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কুশল পেরেরা-কুশল মেন্ডিস রানে ফিরেছেন। অলরাউন্ডার দাসুন শানাকা যে কোন প্রতিপক্ষের জন্য বড় হুমকি। আইরিশদের বিরুদ্ধে ৪৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে সেকুজে প্রসন্ন বুঝিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন!
ফরম্যাট বদলে ইংল্যান্ড এখানে একটু হলেও পিছিয়ে রয়েছে। ওয়ানডে সিরিজে নেই বোলিং আক্রমণের দুই সেরা অস্ত্র জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তাদের জায়গায় ইংলিশ বোলিংয়ের নেতৃত্বে থাকবেন স্টিভেন ফিন। ইংলিশদের নেতৃত্ব দেবেন ইয়ন মরগ্যান। যিনি টেস্ট সিরিজে ছিলেন না। দুর্দান্ত ফর্মে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
পরিসংখ্যান বলছে, গত এক দশকে ইংল্যান্ডের মাটিতে শ্রীলংকার রেকর্ড গর্ব করার মতোই। এই সময় তারা ইংলিশদের সঙ্গে ১৬ বারের দেখায় ১১বারই জিতেছে। তিনটি সিরিজের মধ্যে জয় এসেছে দুটিতে। উপরন্তু ২০১৩ সালে এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে শ্রীলংকা।
আর মাত্র ৩৮ রান করতে পারলে এক হাজার রানের মাইলফলকে পৌঁছবেন অ্যালেক্স হেলস। সবশেষ দক্ষিণ আফ্রিকায় গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তার স্কোরগুলো এরকম ছিল, ৫৭, ৯৯, ৬৫, ৫০ ও ১১২। আর একটি ফিফটি করতে পারলে তিনি একজন ইংলিশ ব্যাটসম্যান হিসেবে নতুন রেকর্ড গড়বেন।
ইংল্যান্ড (সম্ভাব্য): জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জশ বাটলার, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, স্টিভেন ফিন।
শ্রীলংকা (সম্ভাব্য): কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, উপল থারাঙ্গা, দিনেশ চন্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দাসুন শানাকা, পারভেজ মাহরুফ, সেকুগে প্রসন্ন, সুরজ রণদিভ/নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

