স্পোর্টস ডেস্ক : ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে আরো একবার হোঁচট খেল ইংল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে রুখে দিয়েছে স্লোভাকিয়া। সেই সুযোগে রাশিয়াকে হারিয়ে দেয়া ওয়েলস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
সোমবার রাতে বি গ্রুপের চার দলই মাঠে নেমেছিল। স্লোভাকিয়া ও ইংল্যান্ডের ম্যাচটি ড্র হয়েছে। আর রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ড্র করেছিল ইংল্যান্ড। ওয়েলসের বিপক্ষে পিছিয়ে পড়েও জয়ের দেখা পেয়েছিল। কিন্তু স্লোভাকিয়ার সঙ্গে ফের ড্র। ফলে তিন ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোর টিকিট পেয়েছে ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা।
এদিকে স্লোভাকিয়াকে হারিয়ে ইউরো শুরু করে ওয়েলস। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হেরেছিল বেলরা। কিন্তু শেষ ম্যাচে রাশিয়াকে হারিয়েছে বড় ব্যবধানে। তাতে মোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করল যুক্তরাজ্যের দলটি।

