স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল তারা। রোববার সকালে কোয়ার্টার ফাইনালের খেলায় মেক্সিকোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর তাতে টুর্নামেন্টটির সেমিফাইনালের খেলা নিশ্চিত হয়ে যায় চিলির।
যুক্তরাষ্ট্রে চলতি শতবর্ষী আসরটির শেষ চারের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হামেস রদ্রিগেজের কলম্বিয়াকে। আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) সকাল ৬টায় ম্যাচটি মাঠে গড়াবে।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় চিলি খেলেছে চ্যাম্পিয়নের মতোই। কোয়ার্টারের ম্যাচটিতে তারা মাথা তুলে দাঁড়াতে দেয়নি মেক্সিকোকে। পুরো ম্যাচেই ছিল চিলিয়ানদের একচ্ছত্র আধিপত্য।
বলতে গেলে এদু ভারগাসের কাছেই তো হেরে গেছে মেক্সিকো! চিলির হয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। এখানেই শেষ নয়। ম্যাচটিতে চার গোল করে আলো কেড়ে নিয়েছেন তিনি। ৪৪, ৫২ ও ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ভারগাস। ব্যক্তিগত চতুর্থ গোলটি করেছেন ৭৪ মিনিটে।
চিলির পক্ষে জোড়া করেছেন ম্যাচটিতে গোলমুখ উন্মোচন করা এসডন রাউল। ১৬ ও ৮৭ মিনিটে মেক্সিকোর জাল কাঁপান তিনি। দলের প্রাণভোমরা অ্যালেক্সিস সানচেস নামের পাশে যোগ করেছেন বাকি গোলটি। ম্যাচের ৪৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার সাবেক তারকা ফরোয়ার্ড।

