স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল! নিষেধাজ্ঞা কাটিয়ে আগস্টে ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। জানালেন, খেলার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।
আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচিতে রয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ওই টুর্নামেন্ট দিয়েই দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার কথা জানালেন আশরাফুল নিজেই। বলেন, ‘আমি আগস্টে বোর্ডের অধীনে ক্রিকেট খেলতে যাচ্ছি। আসন্ন ন্যাশনাল ক্রিকেট লিগেই (এনসিএল) আমি ফিরছি। খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, এমনভাবে ফিরব যে আপনার মনেই হবে না, আমি তিন বছর ক্রিকেটের বাইরে ছিলাম।’
দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে চান আশরাফুল। পাশাপাশি নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন তিনি। বলেন, ‘আমি আমার জীবনের দ্বিতীয় সুযোগটি পেতে যাচ্ছি। আমি যদি দুর্ভাগা হতাম, তাহলে এই ধরনের কাজের সঙ্গে জড়ানোর পর ক্রিকেটে ফিরতে পারতাম না। আমি সৌভাগ্যবান বলেই আরেকবার ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছি।’

