নিজস্ব প্রতিবেদক : গ্রীষ্মকালীন ছুটি, জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১৯ জুন থেকে টানা একমাসের জন্য বন্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)।
ব্শ্বিবিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুন রোববার থেকে ৩০ জুন বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ০৩ জুলাই রোববার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ জুলাই (রবিবার) হতে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস যথারীতি শুরু হবে।
এদিকে সব মিলিয়ে প্রায় একমাসের ছুটিতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী এবং অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ইত্যবসরে নিজেদের বইপত্র-কাপড়চোপড় গুছিয়ে নিতে শুরু করেছে অনেক শিক্ষার্থী। দু’একদিনের মধ্যে হয়তো শিক্ষার্থীদের বাড়ি ফেরা শুরু হয়ে যাবে।

