নিজস্ব প্রতিবেদক : সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন এবং হাইজিন খাতে শহর ও গ্রামের বরাদ্দে সমতা রাখার দাবি জানানো হয়েছে। প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শহরে এ খাতে মাথাপিছু ১ হাজার ১২১ এবং পল্লী এলাকায় মাত্র ৫৫ টাকা বরাদ্দের উল্লেখ করে বলা হয়েছে, এতে উন্নয়ন বিঘ্নিত হবে। জিডিপি প্রবৃদ্দি (৭.০৫) অনুসারে এ খাতে অনুমিত বরাদ্দ ৫১২৪ কোটি টাকা। এদিকে বাজেটে প্রস্তাবিত বরাদ্দ ৪৮৪৮ কোটি টাকা, যা অনুমিত বরাদ্দ থেকে ২৭৬ কোটি টাকা কম।
মঙ্গলবার ১৪ (জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়াটার এইডসহ কয়েকটি বেসরকারি সংগঠন সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে জনসংখ্যার ভিত্তিতে গ্রাম ও শহরে বরাদ্দ রাখাসহ ৭ দফা প্রস্তাব করা হয়।
প্রস্তাবগুলো হচ্ছে, শহর ও গ্রামে পানি সরাবরাহ ও স্যানিটেশন প্রকল্প প্রণয়নে বস্তিবাসী, অতিদরিদ্র, নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার জনগনের কথা বিবেচনায় নেয়া; শহরে ৮৬ শতাংশ এবং পল্লী এলাকায় ১৪ শতাংশ না করে জেলা শহর, চর, হাওড়, পাহাড় ও উপকূলীয় এলাকায় সমানভাবে বরাদ্দ করা; আর্সেনিক আক্রান্ত এলাকায় গৃহীত বিশেষ প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা; নিরাপদ পানি, স্যনিটেশন, ও হাইজিন খাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের চাহিদা মেটাতে পৃথক বরাদ্দ দেয়া; নিরাপদ পানি, স্যনিটেশন ও হাইজিন পৃথক খাত হিসেবে চিহ্নিত করে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করা। সর্বোপরি দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ অধিকার বাস্তবায়নে সেক্টর উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর খাইরুল আলম, ইউনিসেফের মনিরুল আলম, আনোয়ার কামাল প্রমুখ।

