ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইব্রিড গাড়িতে কর বৈষম্য দূর করার দাবি

Link Copied!

carঅর্থনৈতিক প্রতিবেদক : জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানিতে কর বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। শনিবার (১১ জুন) বারভিডা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, গত কয়েক বছর ধরে আন্দোলন করেও আমরা রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি পাইনি। এবার আমদানির অনুমতি মেললেও কর বৈষমের কারণে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি ব্যবহারে ইচ্ছুক নাগরিকদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে।
তিনি বলেন, হাইব্রিড গাড়ি আমদানিকে আরও যৌক্তিক ও গ্রহণযোগ্য করার জন্য যে নতুন এসআরও প্রণয়ন করা হয়েছে, তা অভিনন্দনযোগ্য। কিন্তু শুল্ক প্রণোদনা সম্বলিত এসআরও এ শর্ত জুড়ে দেয়া হয়েছে যে, ‘হাইব্রিড গাড়ি আমদানি ক্ষেত্রে প্রদত্ত সুবিধা রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’ এই শর্ত আমাদের বিস্মিত ও হতবাক করেছে।
তিনি আরও বলেন, ১ হাজার ৫০০ সিসি পর্যান্ত রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানিতে ৪৫ শতাংশ অথচ নতুন হাইব্রিড গাড়িতে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হচ্ছে।
একইভাবে ১৫০১-২০০০ সিসি পর‌্যন্ত রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানিতে যেখানে ১০০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয় সেখানে নতুন হাইব্রিড গাড়ি ৬০ শতাংশ; ২০০১-২৭৫০ সিসি পর‌্যন্ত রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানিতে ২০০ শতাংশ ও নতুন হাইব্রিড গাড়ি ১৫০ শতাংশ এবং ২৭৫১-৪০০০ সিসি পর‌্যন্ত রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানিতে ৩৫০ শতাংশ অথচ নতুন হাইব্রিড গাড়িতে ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হচ্ছে।
গুটি কয়েক অভিজাত ও বিশেষদের জন্য সুবিধা রেখে আইন প্রণয়নের এই বৈষম্যমূলক ধারা থেকে আমরা এখনও বের হতে পারিনি। তার প্রমাণ আরেক বার প্রমাণিত হলো বলে জানান মাহবুবুল হক চৌধুরী।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে অগ্রগতিতে রিকন্ডিশন যানবাহন অবদান রেখেছে। ব্যবসায়ীরা নিজস্ব সৃজনশীলতা, বিনিয়োগের ঝুঁকি নিয়েই জ্বালানি সাশ্রয়ী অধিক নিরাপদ রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করছে। দেশের অব্যাহত অগ্রযাত্রায় আমরা আরও ব্যয় সাশ্রয়ী যানবাহনের যোগান দিতে চাই। তাই রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে যে বৈষম্য আরোপ করা হয়েছে, আমরা তার অবসান চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বারভিডার সভাপতি মো. আব্দুল হামিদ শরীফ, সহ-সভাপতি মো. শাহ সেলিম টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হোসেন ভূঁইয়া প্রমুখ।