আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে এগিয়ে থাকা হিলারি ক্লিনটনকে উত্তরসূরি হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দলের মনোনয়ন পেতে হিলারি প্রয়োজনীয় ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন পাওয়ার পর ওবামা এই সমর্থন জানান।
গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়া নির্বাচনের পরপরই প্রয়োজনীয় দলীয় প্রতিনিধি হাতে পেয়েছেন হিলারি ক্লিনটন। যদিও ডেমোক্র্যাটিক দলের আরেক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স এখনো হাল ছাড়েন নি। শেষ অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন পর্যন্ত লড়বেন তিনি। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলেরই মনোনয়ন চূড়ান্ত হবে জুলাই মাসে।
হিলারি ক্লিনটন একদা ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি। পরবর্তীতে ২০০৮ সালে দলীয় প্রতিদ্বন্দ্বিতায় হিলারিকে হারিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস রচনা করেন ওবামা। প্রেসিডেন্ট হওয়ার পর হিলারিকে করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এবার ইতিহাস গড়তে যাচ্ছেন হিলারিও। দলের মনোনয়ন পেয়ে নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন ডেমোক্রেটিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট।
হিলারিকে সমর্থন দেয়ার আগে ওবামা প্রথমে স্যান্ডার্সের সাথে বৈঠক করেন। তারপর টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, তার বিচারে প্রেসিডেন্ট পদে হিলারিই ‘সবচেয়ে যোগ্য প্রার্থী’ হবেন।
হিলারি যদি ডেমোক্র্যাটিক প্রার্থী নির্বাচিত হন তাহলে প্রতিদ্বন্দ্বী হিসেবে তার জন্য অপেক্ষা করছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন ইতিমধ্যে নিশ্চিত করেছেন ট্রাম্প।

