আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব চীন সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় উড়ছিল এক মার্কিন যুদ্ধ বিমান আরসি-১৩৫ রিকনেসা। হঠাৎ করে খুব কাছে চলে আসে চীনের যুদ্ধ বিমান জে-১০। প্রায় সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মাঝ আকাশে। কার্যত সম্মুখ সমরে চলে এসেছিল মার্কিন ও চীনা যুদ্ধ বিমান। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।
মার্কিন পেসিফিক কমান্ডের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, যে গতিতে চীনা বিমানটি মার্কিন বিমানের সামনে চলে এসেছিল, তা মোটেই নিরাপদ ছিল না। চীনের পক্ষ থেকে বিষয়টি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলেই দাবি পেন্টাগনের।
যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে অহেতুক পানি ঘোলা করছে বলে অভিযোগ বেজিংয়ের। বিষয়টি নিয়ে তারা তদন্ত করবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, এর আগে মে মাসেও দক্ষিণ চীন সাগরের উপর মার্কিন যুদ্ধ বিমানের টহলদারির সময় প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

