বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের মুখ দেখতে গুণে গুণে আরো সাড়ে তিন মাসের মতো অপেক্ষা করতে হবে গত বছরে সংসার জীবনে আবদ্ধ হওয়া বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির! এরইমধ্যে প্রথম সন্তানের জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে প্রতীক্ষাও করছেন তারা। আর এরমধ্যেই এবার গুঞ্জন শুরু হলো, শহীদ-মীরার পর এবার প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের ঘরেও!
গেল সপ্তাহে প্রেগন্যান্সি টেস্ট করতেই মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি হয়েছিলেন শহীদ স্ত্রী মীরা রাজপুত। তবে জুনিয়র শহীদ পৃথিবীর আলো দেখতে দেখতে নাকি লেগে যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত! আর এরইমধ্যে বলিউড পাড়ায় গুঞ্জন, এবার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন কারিনাও!
ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে জানা যায়, মীরা-শহীদের পর এবার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলী খান ও তার বর্তমান স্ত্রী কারিনা কাপুর খান। শোনা যাচ্ছে তিন মাসের অন্তঃসত্ত্বা কারিনা! সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে প্রথম সন্তানের মুখ দেখতে পারবেন এই দম্পতি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি সাইফ কিংবা কারিনা। বর্তমানে তারা অবসর যাপনে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন।
অন্যদিকে ক্যারিয়ার জীবন ছাপিয়ে একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলিউড হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও কারিনা কাপুর।বলিউডের পর্দায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মিট’ সিনেমায়। ২০০৭ সালের পর শহীদ-কারিনার বিচ্ছেদ ঘটে। প্রেমের ভাঙনে পরবর্তীতে আর তাদের একসঙ্গে সিনেপর্দায়ও দেখা যায়নি। এরমধ্যে দু’জনই বিয়ে করে সংসারী হয়েছেন। সাইফ আলীকে বিয়ে করে কারিনা, আর গত বছর দিল্লীর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করে সংসারী হলেন শহীদ কাপুর। সংসারী হয়ে ফের তারা একসঙ্গে একই সিনেমায়! ‘উড়তা পাঞ্জাব’ নামের ছবিতে দেখা যাবে তাদের।

