বিনোদন ডেস্ক : চার বছর পর দেশে ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন অভিনয়শিল্পী মোনালিসা। ঈদকে সামনে রেখে সেই ব্যস্ততা এখন আরও উর্দ্ধমুখি। অভিনয় করছেন আটটার মতো নাটকে। আরও কিছু নাটকের চিত্রনাট্য এসেছে তার হাতে। সবমিলে আমেরিকা থেকে উড়ে এসেই ক্যামেরার সামনে জুড়ে বসেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সম্প্রতি শুটিং শেষ করেছেন নির্মাতা সাগর জাহানের ‘অ্যাভারেজ আসলাম’ নাটকের। এতে পুরান ঢাকার তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। সাজিন আহমেদ বাবুর ‘ডিড সোলায়মান’ নামে আরেকটি নাটকের শুটিং শেষ করেছেন। তার সহশিল্পী হিসেবে থাকছেন মোশাররফ করিম।
নির্মাতা রায়হান জুয়েলেরর ‘চিরকুট’ নামে আরেকটি নাটকেও অভিনয় করেছেন। নাটকটির প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকের তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া নির্মাতা এস এ হক অলিকের নাম ঠিক না হওয়া আরেকটি নাটকেও অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন সজল ও আনিসুর রহমান মিলন। অনন্য ইমনের ‘ফিনিক্স ফ্লাই’ নাটকের শুটিং করেছেন মোনালিসা। এতে সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা আবদুন নূর সজল।
নাটকগুলো আসন্ন ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। ঈদের নাটকে নিজের ব্যস্ততা প্রসঙ্গে মোনালিসা জানালেন, ‘গতবারের ঈদে আমি ছোটপর্দায় ছিলাম না। এবার আটটির মতো নাটকে থাকছি আমি। বিষয়টা আমার কাছে বেশ আনন্দের। ঈদে অনেক নাটকের অফার পেলেও বেছে বেছে কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে সব নাটকের স্টোরিগুলো একই রকম। একটি থেকে আরেকটি আলাদা করাটা মুশকিল। সে কারণেই গড়পরতা কাজ করছি না।’
তিনি আরও জানালেন, ‘এবারের নাটকগুলোকে কোনটিতে আমি পুরাণ ঢাকার মেয়ে, কোনটিতে তোতলা আবার কোনটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চরিত্রে যতটুকু ভ্যারিয়েশন রাখান সম্ভব আমি রাখার চেষ্টা করেছি। আরও কয়েকজন নির্মাতার সঙ্গে কথাবার্তা চলছে। স্ক্রিপ্ট পছন্দ হলে সপ্তাহের মধ্যেই কনফার্ম করবো।’

