অর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাক শিল্প সুরুক্ষায় করপোরেট কর হার ৩৫ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে পাবলিক ট্রেড কোম্পানির বিদ্যমান কর হার একই রাখার প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেয়া এক সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘পাবলিক ট্রেডে কোম্পানির বিদ্যমান কর হার ২৫ শতাংশ। নন-পাবলিক ট্রেডে কোম্পানির জন্য এ কর হার ৩৫ শতাংশ। অন্যান্য ভেদে কর হার কিছুটা বেশি রয়েছে। দেশের কোম্পানি কর হার বর্তমানে বেশ যৌক্তিক পর্যায়ে রয়েছে। তাই আমি বিদ্যমান কোম্পানি কর হার বহাল রাখার প্রস্তাব করছি।’
তবে বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাকজাত পণ্যপ্রস্তুতকারক কোম্পানির কর হার ৩৫ শতাংশ সিগারেট প্রস্তুতকারকের অনুরূপ ৪৫ শতাংশ করার প্রস্তাবও করেন তিনি।
অপরদিকে করপোরেট কর কমানোর প্রস্তাব করে তিনি বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলোর অন্যতম। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তৈরি পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতটিকে সব সময় উল্লেখযোগ্য কর সুবিধা দেয়া হয়েছে। তার ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্প খাতের করপোরেট কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।’

