নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষিত হয় বৃহস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন বাজেটে মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব দেন।
প্রস্তাব পেশ করতে না করতেই গতকাল থেকেই মোবাইল অপারেটররা কল রেটে তিন শতাংশের জায়গায় পাঁচ শতাংশ সম্পূরক চার্জ নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
মোবাইল অপারেটর রবি গ্রাহকদের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো শুরু করেছে। এসএমএসে বলা হয়েছে, ‘মোবাইল সেবার ওপরে পূর্ব আরোপিত ৩শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ করা হয়েছে যা আপনার ট্যারিফে প্রতিফলিত হয়েছে। রবির সাথে থাকার জন্য ধন্যবাদ।’ ত
এ ব্যাপারে রবির মিডিয়া কর্মকর্তা তারেক বলেন, ‘শুধু আমরা নই, সব অপারেটর সম্পূরক শুল্ক নেয়া শুরু করেছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও এসেছে আমাদের কাছে।’
বাজেট প্রস্তাব দেয়ার এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে শুল্ক বাড়িয়ে নেয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোবাইল অপারেটরদের ক্ষেত্রে অর্থমন্ত্রীর প্রস্তাবের পর পর তা কার্যকর হয়ে যায়। গতবার বাজেট প্রস্তাব পেশের পর আমরা কার্যকর করতে সময় নিয়েছিলাম। এতে সরকারের কটু কথা শুনতে হয় আমাদের। তাই এবার আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’
শিগগিরই হয়তো কল রেটে যুক্ত হবে সম্পূরক পাঁচ শতাংশ শুল্ক। সাধারণ মানুষ কল চার্জ বাড়ানোর সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে।

