নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। বাজেট বক্তৃতায় বিদায়ী অর্থবছরে করমুক্ত আয়সীমার সিলিং বহাল রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (২জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে তিনি বলেছেন, ‘ব্যক্তি পর্যায়ের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকাই থাকছে।’
এছাড়া নারী ও সিনিয়র সিটিজেন (৬৫ বছর ঊর্ধ্বে) করদাতাদের ৩ লাখ টাকা, প্রতিবন্ধীদের ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের ৪ লাখ ২৫ হাজার টাকা বহাল রাখার কথা জানান অর্থমন্ত্রী।
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমাঞ্জস্য রেখে বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রিজ (এফবিসিসিআই)।
মূল্যস্ফীতি ও জীবন যাত্রার ব্যয় প্রায় অপরিবর্তিত থাকায় এ করমুক্ত আয়সীমা একই রাখার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায় এনবিআর।

