স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ায় রজত ভাটিয়াকে পাচ্ছে না আবাহনী লিমিটেড। তার বিকল্প হিসেবে ইউসুফ পাঠানকে দলে টানে তামিম ইকবালের দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় পা রাখেন ইউসুফ।
আজ বুধবার ডিপিএলে খেলতে নামেন ভারতীয় এই ক্রিকেটার। শুরুতেই বাজিমাত করলেন তিনি। ব্যাট হাতে তুললেন ঝড়। সাভারের বিকেএসপির ৩ নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছেন। নামের পাশে যোগ করেছেন ৬০ রান। কলকাতা নাইট রাইডার্সের তারকা এই ক্রিকেটারের ৪৭ বলের ঝড়ো ইনিংসটি ছিল ৭টি চার ও দুটি ছক্কায় সমৃদ্ধ। নাজমুল হাসানের বলে সাব্বির রহমান রুম্মানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইউসুফ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করেছে প্রাইম ব্যাংক। জবাবে লড়ছে আবাহনী। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিমের দলের সংগ্রহ ২৯ ওভারে পাঁচ উইকেটে ১৫৮ রান। জয়ের জন্য দরকার আরো ৮৩ রান। হাতে আছে পাঁচ উইকেট।

