কুষ্টিয়া প্রতিনিধি : জেলার মিরপুরে বাল্যবিয়ে দেয়ার দায়ে বর ও কনের বাবাকে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া এলাকার আব্দুল বারীর ছেলে শাহারুল আলম (বর) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট এলাকার বাসিন্দা কনের বাবা তমেজউদ্দিন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুষ্টিয়ার মাজিহাট এলাকার তমেজউদ্দিনের মেয়ে তাহমিনারকে (১৪) বিয়ে করতে আসে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী এলাকার শাহারুল। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বর শাহারুল আলম ও কনের বাবা তমেজউদ্দিনকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯’ এর বিধানে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে রূপচাঁদ নামে একজন বরযাত্রীর এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমন এ দণ্ডাদেশ দেন করেন।
এ সময় তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে উপজেলার মাজিহাটে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে বর এবং কনের বাবাকে আটক করা হয়। আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কত? মেয়ের বাবা এবং বিয়ে করতে আসা বরকে প্রশ্ন করা হলে তারা কোনো সদোত্তর দিতে পারেনি। পরে তাদের ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’

