স্পোর্টস ডেস্ক : গত বছর ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। এমনকি দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকেই বিদায় জানান তিনি। ওয়ানডে ও টি২০ চালিয়ে যাচ্ছেন। খেলছেন অধিনায়ক হিসেবেই। তবে ভারতের টিম ডিরেক্টর ও সাবেক তারকা অলরাউন্ডার রবি শাস্ত্রী মনে করেন, টেস্টের মতো ওয়ানডে ও টি২০তেও দলনেতা হিসেবে বিরাট কোহলিকে দায়িত্ব দেয়া উচিত।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ। তখন ধোনির বয়স হবে ৩৮ বছর। বয়সের চেয়েও বড় কথা, অধিনায়ক হিসেবে প্রায় সবই তো জিতে ফেলেছেন! সুতরাং আত্মতৃপ্তিও কাজ করতে পারে তার মধ্যে। যে কারণে কোহলিকেই বেছে নেওয়ার মত দিলেন শাস্ত্রী! জানালেন, ভারতীয় দলের নির্বাচক হলে এই মুহূর্তে বিরাটকেই সব ফরম্যাটেই অধিনায়ক নিয়োগ দিতেন।
ইন্ডিয়া টুডে টেলিভিশনকে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই, আমি এমনটা ভাবছি (সব ফরম্যাটেই কোহলি হবেন অধিনায়ক)। আপনাকে দেখতে হবে, আগামী তিন বছরে ভারত কোথায় যাচ্ছে? এর মধ্যে বড় কোনো টুর্নামেন্ট নেই। তাই ওয়ানডে বিশ্বকাপের দিকে আপনাকে তাকাতে হবে। সুতরাং এই নিয়ে ভেবে এগিয়ে যাওয়ার সেরা সময় এখনই।’
তা ছাড়া আগামী ১৮ মাসে ভারতের সামনে খুব বেশি ওয়ানডে ম্যাচ নেই। টেস্ট ও একদিনের ম্যাচের তফাৎটাও অনেক। আপনার ভাবার সময় কিন্তু এখনই যে পরবর্তী ৩ বছরে কী করা যায়? যদি আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে এটাই (সব ফরম্যাটে অধিনায়ক কোহলি) করতাম, কোনো প্রশ্ন ছাড়াই!’

