কিশোরগঞ্জ প্রতিনিধি : জেলার মিঠামইনে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবে এ পর্যন্ত পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নিকলী উপজেলার উত্তর দামপাড়ার হবি মিয়ার স্ত্রী সাবিনা (৩৫), একই গ্রামের নারায়ণ সূত্রধরের স্ত্রী বিউটি (৩৬), দামপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসনা আরা (৩৫), সজনপুর আব্দুল মান্নানের স্ত্রী মোমেনা খাতুন (৪০) ও জারুইতলা গ্রামের ফজুল মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৪২)।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে একটি ইঞ্জিনচালিত নৌকায় অনেক সাধারণ মানুষের সঙ্গে একদল আনসার সদস্য বাড়ি ফিরছিল। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ঘোড়াউত্রা নদীতে ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয়রা অভিযান চালিয়ে প্রথমে চারজন ও পরে আরো এক আনসার সদস্যের লাশ উদ্ধার করে। তবে এখনও ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।
জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আজিম উদ্দিন বিশ্বাস ও স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।

